লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

0 2

লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মো. বাহার হোসেনের ছেলে মো. হাসান ওরফে শান্ত (৩০) এবং আলামের ছেলে মো. শরিফ (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফরাজি বাড়ি এলাকায় অভিযান চালায়। দুই যুবককে আটকের পর তাঁদের জিজ্ঞাসাবাদ ও দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হাসানের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি কালো বেসবল ব্যাট, একটি টিপ ছুরি এবং একটি নীল জিপার ব্যাগে থাকা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, শরিফের হেফাজতে থাকা একটি নীল জিপার ব্যাগ থেকে আরও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।