চাটখিলে এক মাসে ২০ মসজিদে দানবাক্সের টাকা চুরির অভিযোগ
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিভিন্ন মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে উপজেলার প্রায় ১৫ থেকে ২০টি মসজিদে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুসল্লি ও এলাকাবাসী।
সর্বশেষ গত ২২ অক্টোবর রাতে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার সমর উদ্দিন তাফাদার বাড়ি জামে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি করা হয় বলে জানা গেছে। চোরেরা হ্যাকসো ব্লেড ব্যবহার করে দানবাক্সের তালা কেটে টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
একাধিক মসজিদে একই ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর ধারণা, মাদক ও জুয়ায় জড়িত কিছু ব্যক্তি এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তবে চুরির ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিভিন্ন স্থানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে কাউকে স্থানীয়রা আটক করলেও কখনো কখনো মারধর করে ছেড়ে দেন। এতে অভিযুক্তরা আইনের আওতায় না এসে অন্য এলাকায় গিয়ে আবারও চুরির ঘটনা ঘটাতে পারে।
চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন ওসি। একই সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।
