কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক এক

0 1

কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মোবাইল ফোনে সিআইডির লোগোযুক্ত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর কুমিল্লার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং নিজের নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের যথাযথ প্রমাণ দেখাতে না পারায় নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট।

পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। সেখানে তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেন। তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে ট্রাফিক পুলিশ বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে জানায়।

পরে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তার পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাই-বাছাইয়ে রাসেল সিআইডির কর্মকর্তা নন বলে নিশ্চিত হয় পুলিশ।

পুলিশের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া নাম, ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কোনো ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পরিচয় দিলে তার পরিচয়পত্র ও পরিচয়ের সত্যতা যথাযথভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।