দাগনভূঞায় নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ
ফেনীর দাগনভূঞায় নিখোঁজ হওয়ার পর আল মাহমুদ আরিফ (১৩) নামে এক কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ। পুলিশের তৎপরতা ও স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম, ডিউটি অফিসার ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
উদ্ধার হওয়া আল মাহমুদ আরিফ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মো. মাসুদ হোসেন ও ছকিনা খাতুন দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আরিফ নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিল। বিষয়টি জানার পর দাগনভূঞা থানা পুলিশ গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরটিকে খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ উৎকণ্ঠার পর ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তাঁর বাবা-মা। এ সময় তাঁরা পুলিশ ও সহযোগিতাকারী স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের বিষয়টি সামনে এসেছে।
