নোয়াখালীতে ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, আসামি স্ত্রীসহ তিনজন

0 19

নোয়াখালী সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাইন উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ সময় তাঁর কাছ থেকে ব্যবসার নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের গৌপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাইন উদ্দিন কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের বাসিন্দা।

সুধারাম মডেল থানায় দেওয়া লিখিত এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৯ থেকে ১০ বছর আগে পারিবারিকভাবে রেবেকা সুলতানা ইতির সঙ্গে মাইন উদ্দিনের বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান বলে এজাহারে অভিযোগ করেছেন মাইন উদ্দিন।

এজাহারে বলা হয়, ঘটনার দিন স্ত্রী ও দুই মেয়েকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান তিনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন তাঁর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথা, পিঠ, বুক, কোমর ও দুই হাতে জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেন। পরে আহত অবস্থায় তাঁকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হয় এবং চোখের নিচে দুটি সেলাই করা হয়।

এ ঘটনায় মাইন উদ্দিন তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি নিজের ও দুই মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্তানদের উদ্ধারে আইনগত সহযোগিতা চেয়েছেন তিনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।