লক্ষ্মীপুরে শিক্ষকদের চার দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0 6

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি, শিক্ষা জাতীয়করণসহ চার দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদুল ইসলাম শ্রাবণ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজাদ হোসেন মিরাজ ও আব্দুর রশিদ। এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পিয়ারাপুর শহীদ মাজহারুল মনির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক দিদার, বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষক সাখাওয়াত হোসেন, নবীগঞ্জ মাদ্রাসার সুপার আবু তাহের এবং লক্ষ্মীপুর দারুল উলুম আমির মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করা, দ্রুত বদলি ব্যবস্থা কার্যকর করা, উৎসব ভাতা শতভাগে উন্নীত করা এবং অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ করা। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিও জানান তাঁরা।

বক্তারা বলেন, তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। তাঁরা আরও বলেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান করতে চান; রাস্তায় আন্দোলন করতে চান না। তাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকারকে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।