ময়নাতদন্তে নুহাকে শ্বাসরোধে হত্যার প্রমাণ, আট দিনেও গ্রেপ্তার নেই

0 0

নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়েছে। তবে হত্যাকাণ্ডের আট দিন পার হলেও এখনো জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

গত ৯ নভেম্বর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তখন শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের দাবি, শুরু থেকেই তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে জানিয়ে আসছিলেন। ঘটনার দিন থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এখন নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

নুহার স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। শুরু থেকেই তারা এটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।