চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

0 7

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে মোহাম্মদ আলমগীর চাটখিল থানায় মামলাটি দায়ের করেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে তিনি সেটি ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে যায়।

এ নিয়ে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল আনতে গেলে রওশন আরার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান।

অভিযোগ অনুযায়ী, এরপর ফয়সাল ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে হাবীবের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে মীর হোসেনকে মারধর করা হয়। একপর্যায়ে ফয়সাল লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা মীর হোসেনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃ*ত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মোন্নাফ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হ*ত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।