বেগমগঞ্জে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজা উদ্ধার, অভিযুক্ত পলাতক

0 3

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জামাল হোসেন ওরফে ভোলা মিয়া (৪৮) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর খালপাড় এলাকার ছমর উদ্দিন হাজী বাড়িতে এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে জামাল হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

পরে ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি বাজারের ব্যাগ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পলাতক জামাল হোসেন কালিকাপুর গ্রামের আব্দুল মালেক ও আমেনা বেগমের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।