চট্টগ্রামে দুই সরকারি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, গ্রেপ্তার ৫

0 1

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে।

ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে রাতেই অভিযান শুরু করে পুলিশ। নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সরকারি দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাগুলো ভেঙে গেলেও আগুন ধরেনি। অন্যদিকে, চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমায় আগুন জ্বলে ওঠে। তবে প্রায় ৮ থেকে ১০ সেকেন্ড পর আগুন নিভে যায়।

ঘটনাগুলোর পর কারা এবং কী উদ্দেশ্যে এসব হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।