সেনবাগে পিকআপ থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে পিকআপের ভেতরে লুকিয়ে রাখা ৬২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়।
বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের বড় চালান নোয়াখালীর দিকে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। একপর্যায়ে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ সময় পিকআপে থাকা সৈয়দ নুরকে আটক করা সম্ভব হলেও চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর নিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল।
এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।
