সাংবাদিক রিয়াদের ওপর হামলার মামলায় প্রধান আসামি মোতা কারাগারে
নোয়াখালীর চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোতাহের হোসেন মোতা (৫০)-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে বিচারক তাঁর আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোতাহের হোসেন মোতা চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার বাসিন্দা। সাংবাদিক মো. সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি ১ নম্বর আসামি। রিয়াদ স্থানীয় সংবাদমাধ্যম ‘নোয়াখালীর বার্তা’র সম্পাদক, ‘ঢাকা টাইমস’-এর চাটখিল উপজেলা প্রতিনিধি এবং চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
এদিকে হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার (১ নভেম্বর) বিকেলে চাটখিল উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় সাংবাদিকরা। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
সমাবেশে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িসংলগ্ন মোতার দোকানে এ হামলার ঘটনা ঘটে। মসজিদের দানবাক্সের টাকা চুরির বিষয়ে সংবাদ সংগ্রহ ও তথ্য জানতে চাইলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মোতাহের হোসেন মোতা, তাঁর দুই ছেলে প্রান্ত ও ফাহিম এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা করা হয়।
