নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী ও সহযোগী গ্রেপ্তার
নোয়াখালী সদরে সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা পরিবহনের অভিযোগে এক নারী ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের কাছ থেকে তিন কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ওয়াফদার পোল বাজারের জিয়া ফার্মেসির সামনের সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফাতেমা আফরিন মনি (৩৫) ও মো. সুমন (৩৪)। মনি নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে সুমন বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাধবসিংহ এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাঁদের কাছ থেকে তিন কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
