চাটখিলে মসজিদের দানবাক্স চুরির তথ্য জানতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

0 1

নোয়াখালীর চাটখিলে মসজিদের দানবাক্স চুরির ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় পত্রিকা ‘নোয়াখালীর বার্তা’র সম্পাদক, ‘ঢাকা টাইমস’-এর চাটখিল উপজেলা প্রতিনিধি এবং চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রিয়াদ। এ ঘটনায় সুন্দরপুর গ্রামের আবসার উদ্দীন পাটোয়ারী বাড়ির মোতাহের হোসেন মোতা (৫০), তাঁর ছেলে প্রান্ত, ফাহিমসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িসংলগ্ন মোতাহের হোসেনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে দাবি করেছেন এলাকাবাসীর কেউ কেউ। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সুন্দরপুর ছমর উদ্দিন তপদার বাড়ির জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে স্থানীয় লোকজন সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে অভিযোগ ওঠে, ওই চুরির টাকা মোতাহের হোসেন নিজের কাছে রেখেছিলেন। এ বিষয়ে সংবাদকর্মী মো. সাইফুল ইসলাম রিয়াদ তাঁর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা কিল-ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে সাইফুল ইসলাম রিয়াদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় আরমান হোসেন নামের আরও একজন আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।

সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাটখিল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক যুগান্তরের চাটখিল উপজেলা প্রতিনিধি মো. আবু তৈয়ব ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ।

মো. আবু তৈয়ব বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আনিস আহমেদ হানিফ বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের হামলা উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।