ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন। সফরকালে তিনি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। পাশাপাশি পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণ, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত কাজ শেষ করার পাশাপাশি সড়ক যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে পরশুরামের খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসনের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বন্যা ও নদীভাঙনে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের মানুষের কাছে প্রকল্পটি গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন, জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি ও সেচ ব্যবস্থায় সুফল পাওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরে সৌরবিদ্যুৎ, কৃষক ও পরিবারভিত্তিক সহায়তাসহ আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়ন-প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুতি নিয়েছে।
