‘শহীদ ওসমান হাদি হল’ থেকে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা নামফলক স্থাপন করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে হলটির নাম পরিবর্তনের দাবি উঠেছিল। তবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। পরবর্তী সময়ে হলের আগের নাম পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘গত সিনেটে স্থাপনাগুলোর নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।’
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ওসমান হাদি নিহত হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক স্থাপন করেন। ২০ ডিসেম্বর রাতে ক্রেন ব্যবহার করে নামফলক পরিবর্তনের কাজ করা হয়।
পরে ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়। একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছিল।
তবে এসব সুপারিশ সিন্ডিকেট অনুমোদন না করে সিনেটে সিদ্ধান্তের জন্য পাঠায়। এরপর গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন না দিয়ে প্রস্তাবটি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ফলে বুধবার থেকে হলের প্রধান ফটকে আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
