চাটখিলে দিনের আলোতে প্রবাসী হারুনের বাড়িতে ডাকাতি: ১৪ ভরি স্বর্ণসহ ৩০ লাখ টাকার মালামাল লুট
নোয়াখালীর চাটখিল উপজেলার লক্ষণপুর গ্রামে দিনের আলোতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সৌদি প্রবাসী হারুনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত তাণ্ডব চালিয়ে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় নগদ টাকা এবং ১৪ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিনের বেলায় জুমার নামাজের সময় প্রবাসী হারুনের পরিবারের সদস্যরা ঘরে না থাকায়। এ সময় হঠাৎ একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিত ঘরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্র কেচি গেট আলমারি কাটার যন্ত্রাংশ নিয়ে বাড়িতে লোকজন না থাকায় প্রতিটি কক্ষে ডাকাত দলটি আলমারি, ওয়্যারড্রব ও ড্রয়ার ভেঙে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। মালামাল লুট করে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী পরিবারের দাবি, লুণ্ঠিত স্বর্ণ ও নগদ টাকাসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
ঘটনার খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তথ্য ও আলামত সংগ্রহ শুরু করে।
চাটখিল থানার কর্মকর্তা জানান দিনের আলোতে ডাকাতির এ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এর পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে জনবহুল এলাকায় দিনের আলোতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লক্ষণপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরাধীদের আইন ও শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
