নামে প্রথম শ্রেণির, বাস্তবে তৃতীয় শ্রেণির পৌরসভা: ব্যারিস্টার খোকন

0 1

নোয়াখালীর চাটখিল পৌরসভা কাগজে-কলমে প্রথম শ্রেণির হলেও বাস্তবে তৃতীয় শ্রেণির পৌরসভার মতো কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাটখিল পৌরসভা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চাটখিল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা, নাগরিক সেবার মান বাড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন পৌরসভার উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পৌরসভার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব দেলোয়ার হোসেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্যসচিব আহসানুল হক মাসুদ, চাটখিল বাজার পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মাসুদ রানা।

এ ছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।