চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি, আহ্বায়ক মুরাদ ও সদস্য সচিব রাকিব

0 30

দীর্ঘ এক যুগ পর নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা কমিটিতে শাহাদাত হোসেন মুরাদকে আহ্বায়ক এবং রাকিব হোসেন রাজকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব অশ্রু বিন্দু পাটোয়ারী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, ৬৮ সদস্যের উপজেলা এবং ৪৫ সদস্যের পৌরসভা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত কমিটির শর্ত অনুযায়ী, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে অধীনস্থ সব ইউনিট পুনর্গঠন এবং তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাটখিল উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুরাদ বলেন, দীর্ঘ এক যুগ পর চাটখিলের ছাত্রদলকে নতুন করে সংগঠিত করার দায়িত্ব পেয়েছেন তাঁরা। অতীতে আন্দোলন-সংগ্রামে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হওয়া কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নতুন নেতৃত্বের প্রথম লক্ষ্য হিসেবে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তৃণমূলের প্রতিটি ইউনিট পুনর্গঠন এবং সংগঠনের ভেতরের বিভেদ দূর করে ছাত্রদলকে সুসংগঠিত করার কথা জানান মুরাদ। পাশাপাশি চাটখিলে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণায় চাটখিলের তৃণমূল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে গতি ফেরার প্রত্যাশা করছেন অনেকে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।