নোয়াখালীতে খাল থেকে প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের দু’দিন পর খাল থেকে আরিফ হোসেন (১৩) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, আরিফ প্রায় রাতে বাড়িতে যেত না, বাহিরে ঘুরাঘুরি করতো। গত শনিবার রাতে আরিফ বাড়িতে না যাওয়ায় রোববার সকাল থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। সোমবার সকালে স্থানীয়রা উপজেলার বদলকোর্ট ইউনিয়নের মেঘা খালে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাৎক্ষণিক মরদেহ উদ্ধারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহতের বাবা ঘটনাস্থলে যান। সেখানে তিনি ছেলের মরদেহ দেখে চিনতে পারেননি। পরে তার মা থানায় এসে ছেলের মরদেহ দেখে ছেলের পরিচয় নিশ্চিত করে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুর মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। এতে শরীরের বিভিন্ন অংশসহ চোখ ও মুখ ফুলে যায়। শরীরে এ পর্যন্ত কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Comments are closed.