ওবায়দুল কাদেরের ভাইকে হত্যার হুমকি, থানায় জিডি
জেলা প্রশাসকের পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের মির্জাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরে বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি’তে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার দিবাগত রাত ৮টা ২০ মিনিটে ০১৩০৬-৯৮২০৩৭ এই নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইলে ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি নিজেকে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) তন্ময় দাস পরিচয় দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলেন ও হুমকি দেন। পরে বিষয়টি সন্দেহজনক হলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করেন। তখন কলটি কেটে দেওয়া হয়। পরবর্তীতে তিনি বিষয়টি নোয়াখালীর জেলা প্রশাসককে জানান এবং আজ থানায় লিখিত অভিযোগ করেন।
মো. আব্দুল কাদের মির্জার জিডির কপি
জেলা প্রশাসক তন্ময় দাস জানান, মো. আব্দুল কাদের মির্জা ঘটনাটি তাকে টেলিফোনে অবহিত করলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে থানায় জিডি করার জন্য বলেন। পরে কোম্পানীগঞ্জ থানায় জিডি করেন আব্দুল কাদের মির্জা।
