সড়কে শৃঙ্খলা না থাকলে ৮ লেনেও যানজট হবে : ওবায়দুল কাদের

0 213

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে শৃঙ্খলা না থাকলে আট লেনেও যানজট হবে। তবে এবারের ঈদযাত্রা হচ্ছে ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা। কোনো যানজট কিংবা ভোগান্তি নেই। ঈদযাত্রায় ও ঈদ ঘিরে সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি, থাকবো এবং আমাদের বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ সতর্ক থাকবে।

আজ রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাইওয়ে পুলিশ কমান্ড ও মনিটরিং সেলের উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব কি ভুলে গেছেন তারা ক্ষমতায় থাকাবস্থায় তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। দুর্নীতির অভিযোগে যাদের বিচার হয়েছে এবং হচ্ছে তাদের মুখে দুর্নীতির অভিযোগ ভুতের মুখে রাম রাম।

মন্ত্রী বলেন, ভারতের সাথে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে সেগুলো শিগগিরই মীমাংসা হবে বলে আমরা প্রত্যাশা করি।

পরে মন্ত্রী হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড মনিটরিং সেল উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতে গণতান্ত্রিকভাবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ নিয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। প্রতিবেশীর ঘরে আগুন লাগলে প্রতিবেশী হিসেবে আমাদেরও আঁচ লাগবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি আতিকুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২), মো: সাজ্জাদ রোমন প্রমুখ।


আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।