শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা-ভাঙচুর, আহত ৩

0 18

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে স্বজন ও স্থানীয়দের একাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালান। এ সময় হাসপাতালের তিনজন কর্মী আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম ফাতেমা হাসান রিমি। সে উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের রবিউল হাসানের মেয়ে।

হাসপাতাল ও শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে হামে আক্রান্ত রিমিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বজনরা শিশুটির পরীক্ষার রিপোর্ট কর্তব্যরত চিকিৎসককে দেখানোর পর তাকে ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়।

শিশুটির মা উম্মে সালমার অভিযোগ, ইনজেকশন ও স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরই রিমির শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে তার শ্বাসকষ্ট শুরু হলে স্বজনরা অক্সিজেন দেওয়ার অনুরোধ করেন। পরে বিকেল ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় আনসার সদস্য মাহমুদুল হাসান (৩৫), হুমায়ুন আহমেদ (৩৩) ও নিরাপত্তাকর্মী মো. বুলবুল আহমেদ আহত হন।

খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তবে চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক নাজিয়া নুর। তাঁর দাবি, শিশুটি আগে থেকেই ঠান্ডা ও জ্বরে আক্রান্ত ছিল এবং বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় দুধ শ্বাসনালিতে ঢুকে নিউমোনিয়া হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তারও জানান, বুকের দুধ খাওয়ানোর সময় দুধ শ্বাসনালিতে চলে গিয়ে শিশুটির অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে এবং এ কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে ইউএনও মিজানুর রহমান জানান, শিশুটির পরিবারের সদস্যদের থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, শিশুটির অভিভাবকদের থানায় অভিযোগ করার কথা থাকলেও মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।