লক্ষ্মীপুরে মাল্টা চাষে স্বপ্ন দেখছে আজিম
মাল্টা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লক্ষ্মীপুরের উদ্যোগক্তা আজিম উদ্দিন ভূইয়া। রসালো এ ফলটি বাণিজ্যিকভাবে চাষ করছেন তিনি। কৃষি অধিদপ্তর মনে করছেন পরিকল্পিতভাবে ও প্রশিক্ষণ গ্রহন করে চাষ করলে লাভবান হবেন এ অঞ্চলের ফল চাষিরা।
লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের শাহ নেওয়াজ ভূইয়ার ছেলে আজিম উদ্দিন ভূইয়া। শাইখ সিরাজের ও ইন্টারনেটে কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে ফলের বাগান করার স্বপ্ন দেখেছেন তিনি। সে লক্ষ্যে জেলার রায়পুর উপজেলার পূর্ব হাজীমারা এলাকায় গত দুই বছর থেকে ৮ একর জমির উপর গড়ে তুলেন ভূইয়া ফ্রুটস নামে একটি ফলের বাগান।
আজিমের এই বাগানে সাড়ে পাঁচ হাজার ফলের গাছ রয়েছে। এর মধ্যে বারী-ওয়ান জাতের ১৫’শ মাল্টা গাছ, থাই জাতের ২৫’শ পেয়ারা গাছ, হিম সাগর জাতের এক হাজারটি আম গাছ এবং আপেল ও নারকেলি জাতের ৫’শ বরই গাছ রয়েছে। আজিমের ফলের বাগানে দুইজন শ্রমিক নিয়মিত কাজ করছেন।
বাগানটি করার শুরুতে রাজশাহী থেকে এসব ফল গাছের কলম সংগ্রহ করেন এই উদ্যোগক্তা। ইতিমধ্যে গাছগুলোতে ফল আহরণ শুরু হয়েছে। যা স্থানীয় বাজারগুলোতে সরবরাহ করা হচ্ছে।
আজিম উদ্দিন ভূইয়া বলেন, প্রশিক্ষণ ছাড়া বাগান তৈরি করায় শুরুতে কিছুটা সমস্যায় পড়েছেন। এখন সে সমস্যাগুলো নেই। তিনি আরো বলেন, বাগান থেকে মাল্টা আহরণ শুরু করেছেন। যেগুলো স্থানীয় বাজারগুলোতে সরবরাহ করছেন তিনি। এ বছর উৎপাদিত ফলের পরিমাণ কম হলেও আগামী বছর অধিক ফলনের আশা করছেন আজিম।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খাঁন বলেন, উদ্যোগক্তারা পরিকল্পিতভাবে ও প্রশিক্ষণ গ্রহন করে ফল চাষ করলে লাভবান হবেন বলে মন্তব্য করেন।