লক্ষ্মীপুরে বৃদ্ধাকে মারধরের অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মামলা

0 9

লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর ও শ্বাসরোধের চেষ্টা করার অভিযোগে আইনজীবী আবদুল্লাহ আল নোমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভুক্তভোগী আয়েশা বেগম লক্ষ্মীপুরের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আয়েশা বেগম দক্ষিণ মজুপুর গ্রামের বাসিন্দা। তিনি মোজাম্মেল হক ক্বারির স্ত্রী। মামলার প্রধান অভিযুক্ত আবদুল্লাহ আল নোমান একই এলাকার লোকমান হোসেন ক্বারির ছেলে এবং লক্ষ্মীপুর জজ আদালতের একজন আইনজীবী। মামলায় তাঁর বাবা লোকমান হোসেন ক্বারী ও মা নাছিমা বেগমকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নিজের জমিতে বেড়া নির্মাণ করছিলেন আয়েশা বেগম। এ সময় আবদুল্লাহ আল নোমান সেখানে গিয়ে বেড়াটি ভেঙে ফেলেন। আয়েশা বেগম এর প্রতিবাদ করলে তাঁকে মারধর ও শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁর বাবা ও মা-ও এতে যোগ দেন বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলায় আহত আয়েশা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আয়েশা বেগমের দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের জমি নিয়ে কোনো বিরোধ নেই। নিজের জমিতে বেড়া দিতে গেলে সেটি ভেঙে ফেলার পাশাপাশি তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনার পর তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান। তাঁর ভাষ্য, ওই জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা রয়েছে। সেখানে বেড়া নির্মাণ করতে দেখে তিনি আয়েশা বেগমকে নিষেধ করেছিলেন। তিনি নিষেধ না মানায় বেড়াটি সরিয়ে দিয়েছেন বলে দাবি করেন নোমান। তবে বৃদ্ধাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। মামলার বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।