লক্ষ্মীপুরে অনুমোদনহীন পণ্য বাজারজাত করায় প্রতিষ্ঠান সিলগালা, আটক-২
লক্ষ্মীপুরে অনুমোদনহীন ভোগ্য পন্য বাজারজাত করার দায়ে এস, এস, ফুড প্রোডাক্টস নামীয় এক প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার জয়পুর ইউনিয়নের পালপাড়া বাজারে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের দুই ব্যবসায়ীকে আটক করে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। পরে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে আটককৃতদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যামান আদালতের নের্তৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সফিকুর রিদোয়ান আরমান শাকিল। এসময় র্যাব -১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন এস, এস, ফুড প্রোডাক্টস এর স্বত্তাধিকারী সিরাজুল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল জানায়, দীর্ঘদিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ভেজা ভোগ্য পন্য উৎপাদন করে বাজার জাত করে আসছে ওই প্রতিষ্ঠান। এমন গোপন সংবাদ পেয়ে র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন কোম্পানীর নামে নকল প্যাকেটে ভোগ্যপন্য বাজারজাত করা অবস্থায় তাদের দু’জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
