রামগতিতে দুই অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি ও মেশিন ধ্বংস
লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ইটভাটার দুটি চিমনি বিনষ্ট, চুল্লি ব্যবহারের অনুপযোগী এবং কাঁচা ইট ও ইট তৈরির মেশিন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জ্বালানি কাঠ ব্যবহারের জন্য স্থাপন করা একটি অবৈধ করাতকল উচ্ছেদ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নে মেসার্স আদর্শ ব্রিকস ও মেসার্স মিতু ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত যৌথ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান। অভিযানের সময় পানি ছিটিয়ে ও ভেঙে ইটভাটার চুল্লিগুলো অকেজো করা হয়। একই সঙ্গে কাঁচা ইট ও ইট তৈরির মেশিন ধ্বংস করা হয়।
অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
