মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ব্যবসায়ীর

0 17

লক্ষ্মীপুরের সদর উপজেলায় নিজের মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে। তিনি কাজিরদিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে বারবার ফেরত দেওয়ার কথা বললেও প্রায় ১৩ দিন ধরে মোটরসাইকেলটি ফেরত দেওয়া হয়নি।

রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে মোটরসাইকেলটি আনতে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।