মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ এমপি শাহাদাতের
মাদকসেবীদের জামিন প্রসঙ্গে আইনজীবীদের জড়িয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তার দুঃখ প্রকাশের পর আইনজীবীদের ডাকা মানববন্ধন ও প্রতিবাদ সভা স্থগিত করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সামনে সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠান জেলা জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে আইনজীবী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। অন্যথায় আদালতে মামলা করার সতর্কবার্তাও দেওয়া হয়েছিল।
গত বুধবার রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি শাহাদাত হোসেন সেলিম। সেখানে মাদকসেবীদের জামিন প্রসঙ্গে তিনি আইনজীবীদের নিয়ে মন্তব্য করেন।
তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। লিগ্যাল নোটিশে ওই বক্তব্যকে ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে আইনজীবী সমাজ বিচারব্যবস্থার অপরিহার্য অংশ বলেও নোটিশে তুলে ধরা হয়।
পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, তিনি ঢালাওভাবে আইনজীবীদের বিরুদ্ধে বক্তব্য দেননি। কিছু আইনজীবী মাদক ব্যবসায়ীদের পক্ষে জামিন করাচ্ছেন—তাদের উদ্দেশ্যেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তবে বক্তব্যে আইনজীবী সমাজের কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করেছেন।
জেলা জজ আদালতের এপিপি আবদুল আহাদ শাকিল বলেন, সংসদ সদস্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনজীবীরা কোনো অপরাধী বা মাদক কারবারির পক্ষে নন; তারা আইনের শাসন, ন্যায়বিচার ও সংবিধানসম্মত অধিকার রক্ষার পক্ষে কাজ করেন। আদালতে কোনো আসামির পক্ষে আইনজীবী দাঁড়ানো মানেই ওই অপরাধকে সমর্থন করা নয়। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য এটি বিচারব্যবস্থার একটি মৌলিক অংশ।
