বুধবার সারাদেশে বিএনপির শোক দিবস কর্মসূচি ঘোষণা
বিএনপির ভাইস-চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে আগামীকাল বুধবার (৬ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে শোক দিবস কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার শোক দিবস কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কোরানখানির আয়োজন করা হবে।
এর আগে গতকাল সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর ত্যাগ করবে খোকাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। সঙ্গে আসবে তার স্ত্রী ও সন্তানেরা। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে খোকার মরদেহ ঢাকায় পৌঁছুনোর কথা রয়েছে।
