ফেসবুকে পোস্ট দেখে ব্যবস্থা নিলেন ডিসি
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কয়েকটি ইউনিয়ন পরিষদের সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে স্থানীয় এক ব্যক্তি ফেইসবুকে একটি পোস্ট করেছিলেন। তারপরই সেই পোস্টের কমেন্ট বক্সে জমা হতে থাকে হয়রানির শিকার হওয়া ভুক্তভোগী মানুষের একের পর এক অভিযোগ, উঠে আসতে থাকে বিভিন্ন সময়ের হয়রানি তথ্য।
আর সেই অভিযোগের পোস্টটি জেলা প্রশাসক তন্ময় দাসের দৃষ্টিগোচর হতেই তিনি সকল অভিযোগকারী কে আশ্বস্ত করেন যে দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। এরপরই জেলা প্রশাসক তাৎক্ষনিক অভিযুক্ত ইউনিয়ন পরিষদের দুর্নীতি সম্পর্কে জানতে চান এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
তানভীর আহমেদ নামের এক অভিযোগকারী বলেন, আমি কখনো কল্পনাও করিনি যে স্বয়ং জেলা প্রশাসক মহোদয় আমার অভিযোগের এভাবে উত্তর দিবেন বা আমাকে আশ্বস্ত করবেন। আমি খুবই খুশি, সত্যিই আমরা এমন প্রশাসক পেয়ে গর্ব বোধ করছি।
এ বিষয়ে জানতে চাইলে, জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, নাগরিক যেকোনো সেবায় যদি আমার অফিস কারো কাছে কোন অবৈধ আবদার করে তাহলে তার নাম পরিচয়সহ আমাকে সরাসরি অভিযোগ করবেন। আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এছাড়াও তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতিমুক্ত অফিস গড়তে সবাই এগিয়ে আসুন। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।
