প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২২ এপ্রিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল শুরু হবে। প্রথম ধাপে ১৪টি জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সময়ে আরও আট জেলার বেশ কয়েকটি উপজেলায় এ পরীক্ষা হবে ।
মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমার সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তার জেলায় অনুষ্ঠিত হবে।’
এদিন চাপাইনবাগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ও নোয়াখালি জেলার বেশ কিছু উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে সভায় এপ্রিলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষায় উত্তীর্ণদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।
সভায় আরও জানানো হয়, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।
ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালের ১৯ অক্টোবর প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সাড়ে ৩২ হাজার জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে প্রাক-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০টি এবং প্রাথমিকে ৬ হাজার ৯৪৭টি শূন্য পদের কথা উল্লেখ রয়েছে।