নোয়াখালীতে করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর পলায়ন
হাসপাতালে ভর্তির একঘন্টা পর নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ গোপন করে ভর্তি হওয়া ২২ বছর বয়সী এক রোগী পালিয়ে গেছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে পুলিশ । আটককৃত ওই রোগীর বাড়ী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ভানাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ওই রোগীর স্বজনরা করোনার উপসর্গ গোপন করে তাকে হাসপাতালে ভর্তি করেন। জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: ফজলে রাব্বী রোগীর পরীক্ষা নিরীক্ষা করে তার জ্বর, শ্বাসকষ্ট দেখতে পান। পরে তিনি তাকে হাসপাতালের (করোনা ভাইরাস ওয়ার্ড) ভর্তি করেন। সেখানে এক ঘন্টা থাকার পর রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় । বিষয়টি সোমবার সকালে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের কাছে ধরা পড়লে তারা বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমকে জানান।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে তাকে আটক করে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
