নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা নিশ্চিত হওয়া যাবে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ কূপের খননকাজ শেষ হওয়ার পর গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়। কূপটিতে আগুনের শিখা জ্বালানোর মাধ্যমে গ্যাসের উপস্থিতি প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চলছিল। সোমবার দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অতিরিক্ত তাপের কারণে তা বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁদের ব্যবস্থাপনায় পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।
বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কূপটির উৎপাদন সক্ষমতা নির্ধারণে ডিএসটি পরীক্ষা করা হবে। ওই পরীক্ষা শেষ হলেই দৈনিক কতটুকু গ্যাস পাওয়া যেতে পারে, তা নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলে তা জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। এতে দেশের গ্যাস সরবরাহে নতুন উৎস যুক্ত হতে পারে।
