নোয়াখালীতে নতুন কূপ খনন শেষে মিলল গ্যাসের সন্ধান
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন করে খনন করা একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষা চলছে। এই পরীক্ষা শেষ হওয়ার পর কূপটিতে মোট কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং এর কতটুকু উত্তোলন করা সম্ভব—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) পক্ষ থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) কূপটিতে গ্যাসের উপস্থিতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিল।
বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হওয়ার পর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা নিশ্চিতভাবে জানা যাবে।
নতুন এই কূপে গ্যাসের সন্ধান পাওয়ায় নোয়াখালীর জ্বালানি খাতে এটি সম্ভাবনাময় সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
