নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ১০৬ জনকে আটক ও গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে বিভিন্ন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ১ হাজার ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এসব আটক ও গ্রেপ্তার করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ৫৩ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন, সাতজনকে নিয়মিত মামলায়, ১৩ জনকে পূর্বের মামলায় এবং দুজনকে পূর্বের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার, দুজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে সোপর্দ এবং চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
থানাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৮৯ জনকে আটক করা হয়েছে হাতিয়া থানায়। এছাড়া বেগমগঞ্জে ১৮৩, কোম্পানীগঞ্জে ১৩১, সুধারাম মডেল থানায় ১২৫, চরজব্বরে ১১০, সোনাইমুড়ীতে ৯২, কবিরহাটে ৬০, চাটখিলে ৫৯ এবং সেনবাগে ৫৭ জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।
