দাগনভূঞায় চারজন গ্রেপ্তার, বড় ধরনের ডাকাতি থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী: ওসি

0 20

ফেনীর দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং দেশের বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান।

ওসি জানান, প্রথমে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেখে তাঁদের দিনমজুর মনে হয়েছিল। তবে পরে তাঁদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। তাঁর ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা অত্যন্ত ভয়ংকর প্রকৃতির এবং বিভিন্ন জেলায় ডাকাতি করতেন। কখনো গোয়েন্দা পুলিশ (ডিবি), আবার কখনো এসআরবি পরিচয় ব্যবহার করে ডাকাতির অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দাগনভূঞা পৌর শহরের বেতুয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটানোর আগেই স্থানীয়দের হাতে ধরা পড়েন ওই চারজন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, চারজনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়টি জানার পর বোঝা গেছে, তাঁরা শুধু স্থানীয় নয়, দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। তাঁদের সময়মতো আটক করা সম্ভব হওয়ায় দাগনভূঞার মানুষ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করেন তিনি।

এদিকে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে এলাকার নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ওসি।

তিনি আরও বলেন, স্বল্পসংখ্যক পুলিশ সদস্য দিয়ে পুরো উপজেলায় প্রত্যাশিত সেবা নিশ্চিত করা কঠিন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ নিয়ন্ত্রণ এবং কাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।