ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে বাসচাপায় যুবক নিহত
ফেনী: ফেনী-পরশুরাম সড়কের হাসানপুর ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে বাসচাপায় আরিফ শাহরিয়ার (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরিফ ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জেলা শহরের মাস্টারপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহতের বাবা মো. শাহজাহান বলেন, আরিফ মোটরসাইকেল চালিয়ে পরশুরামের চিথলিয়ায় বোনের বাড়ি থেকে ফিরছিল। পথে হাসানপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আরিফ। এ সময় একটি বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফেনী শহরতলীর আলোকদিয়ার পারিবারিক কবরস্থানে আরিফকে দাফন করা হবে।
