চার দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী
চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রী যান ধানমণ্ডির ৩২ নম্বরে। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সেখান থেকে যাবেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য।বিকেলে লোটে শেরিং বাংলাদেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।আগামীকাল শনিবার ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে।
রোববার পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে লোটে শেরিংয়ের।
