চাটখিলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে কটুক্তির কারণে ইউপি আওয়ামী লীগ সভাপতির বহিষ্কার ও বিচার দাবি
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মাশিউর রহমানকে কটুক্তি করে রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বাহারের ফেসবুকে লিখার প্রতিবাদে শুক্রবার বিকেলে চাটখিল উপজেলার মল্লিকাদিঘীর পাড় বাজারে ‘আমরা বীরমুক্তিযোদ্ধার সন্তান’ নামক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মুক্তিযোদ্ধা নুর নবীর সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শেখ শাহ্ আলম,বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ইউপি সদস্য আবুল ফজল তোহা, মুক্তিযোদ্ধার সন্তান আবদুর রশিদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে হারুন অর রশিদ বাহারের বাবাকে স্বাধীনতা বিরোধী দাবি করে বাহারকে অতিদ্রুত আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে নিয়ে তার কটুক্তির কারণে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসন এর মধ্যে কোন ব্যাবস্থা না নিলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
