চাটখিলে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু
নোয়াখালীর চাটখিলে বালুবাহী ট্রাকের চাপায় বশির আহমেদ (৬৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক সড়কের দশঘরিয়া বাজারসংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বশির আহমেদ চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব সোশালিয়া এলাকার নজু মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় বশির আহমেদ যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এ সময় রামগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক তার অটোরিকশাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।
বশির আহমেদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর সড়কে বালুবাহী ট্রাকের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তারা দ্রুতগতির ও অনিয়ন্ত্রিত বালুবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
