চাটখিলে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আনন্দ র্যালি
নোয়াখালীর চাটখিলে উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় আলিম মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।
উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রাকিব হোসেন রাজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব অশ্রু বিন্দু পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন। এ সময় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন মুরাদ বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং চাটখিলে ছাত্রদলকে সুসংগঠিত করতে নতুন কমিটি গঠন করা হয়েছে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামেও নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেন।
সদস্য সচিব রাকিব হোসেন রাজ বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল সক্রিয় থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির নেতাদের নেতৃত্বে আলিম মাদ্রাসা মাঠ থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি চাটখিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে বাজার এলাকা মুখর হয়ে ওঠে। পরে র্যালিটি পুনরায় মাদ্রাসা মাঠে ফিরে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
