কোম্পানীগঞ্জে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখলের চেষ্টা, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ

0 18

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইটভাটা সম্প্রসারণের জন্য এক দুবাইপ্রবাসীর বসতভিটার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের মালিক মো. জাকির হোসেনের বিরুদ্ধে। জমি দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী ও শ্যালককে হুমকি এবং নির্মাণাধীন ঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগও করেছেন তাঁরা। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার তিন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধেও ইটভাটার মালিকের পক্ষে অবস্থান নেওয়া এবং জমি বন্ধক দিতে চাপ প্রয়োগের অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দুবাইপ্রবাসী আব্দুল গোফরানের স্ত্রী বিলকায়েছ আরা বেগম ও তাঁর শ্যালক নূর হোসেন মানিক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারটি জানায়, কোম্পানীগঞ্জের সিরাজপুর গ্রামে আব্দুল গোফরানের কেনা বসতভিটার জমিতে ইটভাটা সম্প্রসারণ করতে চান জাকির হোসেন। এ জন্য জমির সীমানায় থাকা টিনের বেড়া ভেঙে দখলের চেষ্টা করা হচ্ছে। জমি বিক্রি অথবা তাঁর কাছে বন্ধক না দিলে পরিবারটিকে এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

ভুক্তভোগীদের দাবি, গত ১২ অক্টোবর দিবাগত রাতে জাকির হোসেনের লোকজন গোফরানের জমির দক্ষিণ পাশের টিনের বেড়া ভেঙে নিয়ে যায়। এ ঘটনায় তাঁর স্ত্রী বিলকায়েছ আরা বেগম থানায় মামলা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে বলেও দাবি করেন তাঁরা।

পরিবারটির অভিযোগ, ঘটনার পর রাত ৮টার দিকে এসআই নজরুল ইসলাম প্রবাসীর স্ত্রী ও তাঁর বড় ভাইকে থানায় ডেকে নেন। সেখানে জাকির হোসেনের কাছে জমিটি বন্ধক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাঁরা এতে রাজি হননি। এর চার দিন পর, ১৬ অক্টোবর স্বামীর কেনা জমিতে ২১ ফুট বাই ১৬ ফুট আয়তনের টিন ও কাঠের একটি দোচালা ঘর নির্মাণ শুরু করেন বিলকায়েছ আরা বেগম।

এ সময় এসআই নজরুল ইসলাম, এসআই সুমন ও এসআই আনোয়ার ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করতে বলেন এবং জাকির হোসেনের সঙ্গে সমঝোতা করে জমি বন্ধক দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ পরিবারের। অন্যথায় তাঁদের বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য, পুলিশের প্রস্তাবে রাজি না হয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। ওই দিন রাতেই জাকির হোসেনের লোকজন নির্মাণাধীন ঘর ও টিনের সীমানাপ্রাচীর ভেঙে ফেলে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের।

পরিবারটি জানায়, নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে গত ২৬ অক্টোবর দুবাই দূতাবাসের মাধ্যমে নোয়াখালীর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল গোফরান। অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পরিবার। তাঁদের আরও অভিযোগ, গত ৩১ অক্টোবর বিকেল ৩টার দিকে জাকির হোসেনের লোকজন আবারও ঘটনাস্থলে গিয়ে ভেঙে ফেলা ঘর ও সীমানাপ্রাচীরের কাঠ ও টিন নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে পরিবারটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় নিয়মনীতি ও বিধিমালা উপেক্ষা করে জনবসতিপূর্ণ এলাকায় ‘মোহাম্মদীয়া’ নামের ইটভাটাটি পরিচালিত হচ্ছে। সেখানে শ্রমিক পরিচয়ে লোকজনকে আশ্রয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয় বলেও দাবি তাঁদের। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে ইটভাটার মালিক জাকির হোসেন বলেন, ইটভাটার ভেতরে প্রবাসীর নয় শতাংশ জমি রয়েছে এবং ওই জমিতে তাঁর মাটির স্তূপ রাখা আছে। তিনি তাঁদের বকেয়া টাকা থাকলে নিয়ে যেতে এবং জমিটি বিক্রি করে দিতে বলেছিলেন। তবে তাঁরা জমি বিক্রি করতে রাজি হননি। পরে জমিতে রাখা তাঁর মাটি ও ইটের খোয়া সরাতে বললে তাঁরা বাধা দেন। এরপর তাঁরা সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন বলে দাবি করেন জাকির।

অন্যদিকে, এসআই নজরুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রী প্রথমে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর এসআই সুমন ও আনোয়ারও সেখানে যান। উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রেখে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছিল। একপর্যায়ে অভিযোগকারী পক্ষ ঘর নির্মাণ করতে গেলে ইটভাটার লোকজন বাধা দেন। পরে প্রবাসীর পরিবারসহ দুই পক্ষ বিষয়টি বর্তমান ওসিকে অবহিত করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, তিনি নতুন যোগ দিয়েছেন এবং বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানাবেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।