কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখলের চেষ্টার অভিযোগ

0 15

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকারি জায়গায় বালু ফেলে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তারেক রহমান রাজনের বিরুদ্ধে। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসানের ছোট ভাই।

রোববার (৪ অক্টোবর) দুপুরে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের পূর্ব গেটসংলগ্ন প্রায় দুই শতক জায়গায় বালু ফেলে ভরাটের কাজ শুরু করা হলে স্থানীয়রা এতে বাধা দেন। পরে জায়গাটির মালিকানা ও সীমানা নির্ধারণে মাপজোখের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, কবিরহাট বাজারের কলেজ গেট সড়কের পাশে খুঁটি দিয়ে চিহ্নিত নোয়াখালী জেলা প্রশাসনের মালিকানাধীন সরকারি জায়গায় কোনো অনুমতি ছাড়াই বালু ফেলে ভরাট করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা কাজ বন্ধ করতে বাধা দেন। একই সঙ্গে জায়গাটির প্রকৃত মালিকানা ও ভরাটের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন তারেক রহমান রাজন। তাঁর দাবি, ওই স্থানের পেছনে তাঁর কেনা দুই শতক জমি রয়েছে। নিজের জমি ভরাটের সুবিধার্থে সাময়িকভাবে সামনের অংশে বালু রাখা হয়েছিল। সরকারি জায়গা দখলের কোনো চেষ্টা করা হয়নি।

এ বিষয়ে আরাফাতের রহমান হাসান বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগ সঠিক নয়। তাঁর ভাইয়ের সেখানে চান্দিনা ভিটার জায়গা কেনা রয়েছে। তবে জায়গাটি সামনে নাকি পেছনে, তা তিনি নিশ্চিত নন বলে জানান।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা জানান, খবর পেয়ে তহশিলদার ও সার্ভেয়ারকে ম্যাপসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই এলাকায় ব্যক্তি মালিকানাধীন ও সরকারি—দুই ধরনের জায়গা রয়েছে। মাপজোখের মাধ্যমে কোন অংশ সরকারি এবং কোনটি ব্যক্তি মালিকানাধীন, তা চিহ্নিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নোটিশও দেওয়া হয়েছে।

ইউএনও আরও জানান, সরকারি জায়গায় বালু ফেলে ভরাটের জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে কেউ অনুমতি নেননি। অভিযোগ পাওয়ার পরই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।